ভারতের মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন পলাতক আওয়ামী লীগ এমপি ডা. প্রাণ গোপাল দত্ত

ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে শ্রেণিকক্ষে পাঠদান করতে দেখা গেছে সাবেক এই সংসদ সদস্য ও চিকিৎসককে।

by ABDUR RAHMAN
ভারতের মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন পলাতক আওয়ামী লীগ এমপি ডা. প্রাণ গোপাল দত্ত

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে পাঠদান করছেন বলে জানা গেছে। সম্প্রতি কলেজটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

বিজ্ঞাপন
banner

ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ (Tripura Santiniketan Medical College)-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একাধিক ভিডিওতে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে শিক্ষার্থীদের ক্লাস নিতে দেখা যায়। ভিডিওতে তিনি আধুনিক শ্রেণিকক্ষে চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত বিষয় পড়াচ্ছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি নাক-কান-গলা (ইএনটি) বিষয়ে পাঠদান করছিলেন। তবে তিনি কতদিন ধরে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শনিবার (২৭ জুন) সকালে শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক স্টাফ নার্স বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে সেখানে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। তবে তার নিয়োগ বা দায়িত্ব পালনের সময়কাল সম্পর্কে তিনি নির্দিষ্ট তথ্য জানাতে পারেননি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিস্তারিত জানাতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত। তার পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শিত হচ্ছিল। ভিডিওগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ডা. প্রাণ গোপাল দত্তও আত্মগোপনে যান। দীর্ঘদিন তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া না গেলেও সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশে তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত নাক-কান-গলা রোগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বনাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য। চিকিৎসা বিজ্ঞানে অবদানের জন্য ২০১২ সালে তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন। পরে আওয়ামী লীগের মনোনয়নে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ