অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাসনা এলাকায় আওয়ামী লীগ নেতা ও তার ভাই বিএনপি নেতার বিরোধকে কেন্দ্র করে সরকারি রাস্তা সংস্কার কাজ শেষ পর্যায়ে এসে বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের পাঁচ গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ১০ টন চাল বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে কাজ শুরু হয়ে অধিকাংশ অংশ সম্পন্নও হয়।
তবে শেষ পর্যায়ে এসে রাস্তার মাঝখানে একটি সীমানাপ্রাচীর থাকায় কাজ বন্ধ হয়ে যায়। সরেজমিনে দেখা গেছে, রাস্তার দুপাশে সংস্কার শেষ হলেও মাঝখানে প্রাচীর থাকায় পুরো সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
অভিযোগ রয়েছে, সানোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম ব্যক্তিগত জমির ওপর দিয়ে রাস্তা নেওয়া হচ্ছে দাবি করে কাজ বন্ধ করে দেন। এর আগেও আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাব খাটিয়ে তিনি ওই স্থানে সীমানাপ্রাচীর নির্মাণ করেছিলেন বলে স্থানীয়দের অভিযোগ।
পরবর্তীতে আবারও সংস্কার কাজ শুরু হলে তার ভাই, যিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, তিনিও প্রকল্পের বিরোধিতা করেন বলে স্থানীয়দের অভিযোগে বলা হয়। এতে রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণভাবে আটকে যায়।
এই রাস্তা আশপাশের পাঁচ গ্রামের মানুষের একমাত্র চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়। কৃষিনির্ভর এলাকার মানুষ তাদের উৎপাদিত পণ্য বাজারে নিতে গিয়ে চরম সমস্যায় পড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে কাজ বন্ধ থাকায় প্রতিদিন ভেকু (এক্সকাভেটর) ভাড়ার জন্য প্রায় ১৫ হাজার টাকা করে সরকারি অর্থ ব্যয় হচ্ছে বলে জানা গেছে, যা নিয়ে অর্থ অপচয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে অভিযোগের বিষয়ে নুরুল ইসলাম বলেন, তার ব্যক্তিগত জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করতে দেওয়া হবে না এবং বিকল্প পথে রাস্তা করার দাবি জানান।
ধামরাই উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আর/

