ঢাকাকে পরিষ্কার রাখতে ১২০ স্বেচ্ছাসেবক, শুরু হলো বিশেষ অভিযান

প্রথম ধাপে ২২টি ওয়ার্ডের ৩১টি হটস্পটে সচেতনতামূলক কার্যক্রম; নিয়ম না মানলে জরিমানার সুপারিশও করা হবে

by ABDUR RAHMAN
ঢাকাকে পরিষ্কার রাখতে ১২০ স্বেচ্ছাসেবক

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে যত্রতত্র ময়লা-বর্জ্য ফেলা প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে বিডি ক্লিন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (২৩ জুন) নগর ভবনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

ঢাকাকে পরিষ্কার রাখতে ১২০ স্বেচ্ছাসেবক

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে দক্ষিণ সিটির পাঁচটি অঞ্চলের ২২টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে। পুরো এলাকাকে ১০টি ব্লকে ভাগ করে ৩১টি ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

কর্মসূচির আওতায় সপ্তাহের সাত দিনই মাঠে থাকবেন মোট ১২০ জন স্বেচ্ছাসেবক। এর মধ্যে বিডি ক্লিনের ৭০ জন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৫০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

স্বেচ্ছাসেবকরা নাগরিকদের নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার বিষয়ে উদ্বুদ্ধ করবেন। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে প্রচারণা চালানো, ওয়েস্টবিন ব্যবহারে উৎসাহ দেওয়া এবং প্রয়োজনীয় সতর্কীকরণ নোটিশ প্রদান করবেন।

অনুষ্ঠানে জানানো হয়, কেউ নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিটি করপোরেশনকে জরিমানা আরোপের সুপারিশও করতে পারবেন দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়; এ ক্ষেত্রে নাগরিকদেরও সমান দায়িত্ব ও অংশগ্রহণ প্রয়োজন। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা নিশ্চিত করা গেলে নগর পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষাও জোরদার হবে।

তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘমেয়াদি পরিচ্ছন্নতা সংস্কৃতি গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, সচিব মো. জয়নুল আবেদীনসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিডি ক্লিন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ