সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে তীব্র বিতর্ক, হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত অধিবেশন

বাজেট অধিবেশনে ক্ষমতাসীন ও বিরোধী দলের পাল্টাপাল্টি যুক্তিতে সংসদে সৃষ্টি হয় হট্টগোল, ডেপুটি স্পিকারের কড়া মন্তব্য

by ABDUR RAHMAN
সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে তীব্র বিতর্ক হান্নান মাসউদের

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতাকে ঘিরে বিরোধী দলের এমপি হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার (২১ জুন) অধিবেশনের ১১তম দিনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

অধিবেশনে হঠাৎ করে দাঁড়িয়ে বক্তব্য দিতে চাইলে সংসদের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি যুক্তি ও তর্ক-বিতর্ক শুরু হয়।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হান্নান মাসউদকে উদ্দেশ করে বলেন, এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। তার এই মন্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিরোধী এমপি তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কিছু মন্তব্য করলে সরকারি দলের সদস্যরা তীব্র আপত্তি জানান। তারা দাবি করেন, সংসদ নেতার বিরুদ্ধে অসত্য তথ্য দেওয়া হয়েছে এবং তা এক্সপাঞ্জ করতে হবে।

অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়, সংসদ সদস্যকে নির্দিষ্ট করে বলা উচিত কোন বক্তব্যটি ভুল ছিল। ঢালাওভাবে অসত্য বলা গ্রহণযোগ্য নয়।

আলোচনার এক পর্যায়ে বিএনপির এমপি জয়নাল আবেদিন ফারুক বলেন, সংসদে এমন বক্তব্য দেওয়া উচিত নয় যাতে কারও মানহানি ঘটে। তিনি দাবি করেন, সংসদ নেতাকে নিয়ে দেওয়া কিছু মন্তব্য অত্যন্ত আপত্তিকর এবং তা সংসদ রেকর্ড থেকে বাদ দেওয়া উচিত।

বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য তার বক্তব্যের প্রেক্ষিতে মত দিয়েছেন। প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন এবং তার বক্তব্যের সমালোচনা করার অধিকার বিরোধীদের রয়েছে। তবে বিষয়টি নির্দিষ্ট করে ব্যাখ্যা করা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলের বক্তব্য সঠিক নয়। সংসদে সংসদ নেতার বিরুদ্ধে অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, যেসব অংশ অসত্য হিসেবে বিবেচিত, সেগুলো সংসদীয় রীতি অনুযায়ী এক্সপাঞ্জ করা উচিত।

অধিবেশনে একাধিকবার হান্নান মাসউদ দাঁড়িয়ে কথা বলতে চাইলে ডেপুটি স্পিকার তাকে সতর্ক করেন এবং আসনে বসতে বলেন। তিনি বলেন, সংসদে এভাবে দাঁড়িয়ে কথা বলা নিয়মবহির্ভূত।

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে ডেপুটি স্পিকার পুনরায় বলেন, এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ, তাই শৃঙ্খলা বজায় রাখতে হবে।

বিরোধী দলের পক্ষ থেকে শফিকুর রহমান বলেন, সংসদে বাইরের বিষয় টেনে এনে বিতর্ক সৃষ্টি না করে সংসদীয় নিয়ম মেনে আলোচনা করা উচিত। তিনি পুরো বিষয়টি অতিরিক্ত উত্তেজনায় না নিয়ে স্বাভাবিক করার আহ্বান জানান।

শেষ পর্যন্ত ডেপুটি স্পিকার জানান, সব বক্তব্য যাচাই-বাছাই করে নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ