ট্রাম্পের নাম সরানোর নির্দেশ আদালতের, কেনেডি সেন্টারের পুরোনো নাম ফিরছে

কংগ্রেসের অনুমোদন ছাড়া নাম পরিবর্তন অবৈধ; ১৪ দিনের মধ্যে সব সাইনেজ ও নথি থেকে ট্রাম্পের নাম অপসারণের নির্দেশ

by ABDUR RAHMAN
কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত ওয়াশিংটন ডিসির ঐতিহ্যবাহী কেনেডি সেন্টারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন। আদালত বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করা আইনসম্মত নয়। একই সঙ্গে কেন্দ্রটি সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

ডিস্ট্রিক্ট জজ ক্রিস্টোফার কুপার তার রায়ে উল্লেখ করেন, কেনেডি সেন্টার প্রতিষ্ঠার আইনে স্পষ্টভাবে বলা আছে যে প্রতিষ্ঠানটি নিহত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এবং এর নাম পরিবর্তনের ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে। আদালতের ভাষায়, “কংগ্রেস কেনেডি সেন্টারের নাম দিয়েছে, আর কেবল কংগ্রেসই সেই নাম পরিবর্তন করতে পারে।”

রায়ের ফলে আগামী ১৪ দিনের মধ্যে ভবনের বাইরের অংশ, নামফলক, ডিজিটাল প্ল্যাটফর্ম, সাইনবোর্ড, সরকারি নথি এবং প্রচারসামগ্রী থেকে ডোনাল্ড ট্রাম্পের নাম সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নাম পুনরায় ‘জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস’ হিসেবে বহাল থাকবে।

গত বছর ওয়াশিংটনের বিভিন্ন সরকারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পুনর্ব্র্যান্ডিং উদ্যোগের অংশ হিসেবে কেনেডি সেন্টারের নামের সঙ্গে নিজের নাম যুক্ত করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি কেন্দ্রটির পরিচালনা পর্ষদে পরিবর্তন এনে কয়েকজন ট্রাস্টিকে অপসারণ করেন এবং নিজেও ট্রাস্টি হিসেবে যোগ দেন। পরবর্তীতে ভোটের মাধ্যমে তিনি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন।

এরপর ডিসেম্বরে পরিচালনা পর্ষদ কেন্দ্রটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। নতুন নাম নির্ধারণ করা হয় ‘দ্য ডোনাল্ড জে. ট্রাম্প অ্যান্ড জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস’। সিদ্ধান্তের পরদিনই ভবনের সম্মুখভাগে নতুন নামসংবলিত অক্ষর স্থাপন করা হয়।

তবে নাম পরিবর্তনের পর থেকেই শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কয়েকজন শিল্পী তাদের নির্ধারিত অনুষ্ঠান বাতিল করেন এবং কেন্দ্রটির টিকিট বিক্রিও কমে যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ৪ জুলাই থেকে শুরু হওয়া ব্যাপক সংস্কারকাজের জন্য কেনেডি সেন্টার দুই বছরের জন্য বন্ধ রাখা হবে। আদালতের সাম্প্রতিক রায়ের ফলে সেই পরিকল্পনাও আপাতত স্থগিত হয়ে গেছে।

রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, প্রতিষ্ঠানটিকে শারীরিক, আর্থিক ও সাংস্কৃতিকভাবে পুনরুদ্ধারে যদি তাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দেওয়া হয়, তাহলে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার আগ্রহ তার নেই।

অন্যদিকে কেনেডি সেন্টারের এক মুখপাত্র জানিয়েছেন, নাম পরিবর্তন সংক্রান্ত আদালতের এই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

সূত্র: বিবিসি

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ