আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রমের কারণে ইসরাইলের প্রধান বেন গুরিয়ন বিমানবন্দর বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। গত দুই মাসে বিমানবন্দরটির ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৪৮ মিলিয়ন ডলার।
ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক জ্বালানি সরবরাহকারী বিমানের উপস্থিতির কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ইসরাইল এয়ারপোর্টস অথরিটির মহাপরিচালক শ্যারন কেদমি জানান, বর্তমানে বেন গুরিয়ন বিমানবন্দর তার পূর্ণ সক্ষমতার মাত্র এক-তৃতীয়াংশ ব্যবহার করে পরিচালিত হচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী, মার্কিন সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও বিমানবন্দরের বিভিন্ন স্থান দখল হয়ে যাওয়ায় প্রায় ৭০ শতাংশ কার্যক্রম সীমিত হয়ে পড়েছে।
কেদমি সতর্ক করে বলেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। এমনকি তা ভবিষ্যতে বিলিয়ন ডলারেও পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এছাড়া সামনের দিনগুলোতে আরও ফ্লাইট বাতিলের ঘোষণা আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এতে আন্তর্জাতিক ও বাণিজ্যিক বিমান চলাচলেও বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির ফলে ইসরাইলের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো বাড়তি চাপের মুখে পড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্র: মিডল ইস্ট আই

