চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযুক্তকে ঘিরে উত্তেজনা, টিয়ারগ্যাস ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ

বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ; সংঘর্ষে আহত অন্তত একজন

by ABDUR RAHMAN
চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযুক্তকে ঘিরে উত্তেজনা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে গেলে স্থানীয়দের তীব্র বিক্ষোভের মুখে পড়ে পুলিশ।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্র জানায়, বিসমিল্লাহ ম্যানশন নামের একটি ভবনের সিঁড়িঘর থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এরপর অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাকলিয়া থানা পুলিশ। তবে খবর পেয়ে শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি তোলে। একপর্যায়ে পুলিশের গাড়ি ঘিরে ফেলে বিক্ষুব্ধ জনতা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাতের দিকে পুলিশ কয়েক দফা টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে। যদিও আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রাত পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, অভিযুক্তকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে পুলিশ বেগ পেতে থাকে এবং স্থানীয় বাসিন্দারাও সেখানে অবস্থান নেয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় উদ্বেগ বাড়ছে। মানবাধিকারকর্মীরা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়ে আসছেন, যাতে এ ধরনের অপরাধ কমিয়ে আনা সম্ভব হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ