ভারতীয় আগ্রাসন ও নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের ডাক জাগপার

জাগপা নেতা রাশেদ প্রধানের অভিযোগ—দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনজুড়ে দলীয়করণ

by ABDUR RAHMAN
ভারতীয় আগ্রাসন ও নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের ডাক জাগপার

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আগামী দিনের রাজনৈতিক লড়াই হবে নতুন ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২১ মে) বাদ জোহর রাজধানীর পল্টনস্থ দলীয় কার্যালয়ে জাগপা আয়োজিত ‘আধিপত্যবাদবিরোধী অগ্নিপুরুষ মজলুম জননেতা শফিউল আলম প্রধানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে’ তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান আমাদের শিখিয়েছেন মাথা উঁচু করে বাঁচতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপস করা যাবে না এবং অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না।

তিনি দাবি করেন, শফিউল আলম প্রধানের সেই আদর্শ ধারণ করেই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করেছেন। এখন নতুন করে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাগপা মুখপাত্র বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বেড়েছে এবং দেশজুড়ে চাঁদাবাজি, লুটতরাজ ও রাষ্ট্রীয় মব সন্ত্রাস চলছে।

তিনি অভিযোগ করেন, প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র নগ্ন দলীয়করণ চলছে। একই সঙ্গে সীমান্তে ভারত হত্যাকাণ্ড, অবৈধ পুশ-ইন এবং আগ্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

রাশেদ প্রধান বলেন, এমন পরিস্থিতিতে চুপ থাকার সুযোগ নেই। শফিউল আলম প্রধান সবসময় বলতেন, লড়াই ছাড়া মেহনতি মানুষের মুক্তি সম্ভব নয়। তাই নতুন জালেম ও আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, হাজী মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, লায়ন উমার রাযী, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, সহ-প্রচার সম্পাদক সাইফ উদ্দিন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন এবং জাগপা ছাত্রকাফেলার ইমরান হাসান রাহুলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ