সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে সরকারের পদক্ষেপের প্রতিবাদ এনসিপির

‘বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা গণতন্ত্রের জন্য হুমকি’—চার দফা দাবি দলটির

by ABDUR RAHMAN
সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে সরকারের পদক্ষেপের প্রতিবাদ এনসিপির

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

সুপ্রিম কোর্ট সচিবালয় সংশ্লিষ্ট কার্যক্রম কার্যত বাতিল এবং সেখানে পদায়িত বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রত্যাহারের সরকারি পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন
banner

বুধবার দলটির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে এনসিপি দাবি করে, সরকারের এই সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক চেতনার পরিপন্থী।

দলটি বলেছে, দেশের জনগণ দীর্ঘদিন ধরে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত একটি স্বাধীন ও কার্যকর বিচারব্যবস্থার দাবি জানিয়ে আসছে। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল আদালতের প্রশাসনিক কার্যক্রমকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত রাখা।

এনসিপির ভাষ্য, বিচার বিভাগকে যদি নিজস্ব প্রশাসনিক কাঠামো, জনবল ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থেকে বঞ্চিত করা হয়, তাহলে সংবিধানে ঘোষিত স্বাধীন বিচার বিভাগের ধারণা কেবল কাগুজে ঘোষণায় পরিণত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিচার বিভাগকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণাধীন কাঠামোর মধ্যে আবদ্ধ রাখা ন্যায়বিচার, আইনের শাসন এবং নাগরিক অধিকার সুরক্ষার জন্য মারাত্মক হুমকি।

দলটি অভিযোগ করে, যে কোনো সরকার যদি বিচার বিভাগের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়, তবে তা গণতন্ত্র ও সংবিধানের চেতনার পরিপন্থী। একই সঙ্গে বিএনপির ৩১ দফা প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে এনসিপি বলেছে, বিচার বিভাগের স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।

এনসিপি মনে করে, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এটিকে অকার্যকর করার পরিবর্তে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করা উচিত ছিল বলে মত দেয় দলটি।

বিবৃতিতে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—সুপ্রিম কোর্ট সচিবালয়ে পদায়িত বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বিচার বিভাগীয় সচিবালয়কে পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক কাঠামো দেওয়া, বিচারকদের পদায়ন ও বদলিতে নির্বাহী বিভাগের প্রভাব দূর করা এবং প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করা।

এনসিপি আরও বলেছে, স্বাধীন বিচার বিভাগ ছাড়া গণতন্ত্র ও আইনের শাসন টিকে থাকতে পারে না। বিচার বিভাগের স্বাধীনতার বিরুদ্ধে যেকোনো প্রত্যক্ষ বা পরোক্ষ পদক্ষেপের বিরুদ্ধে রাজনৈতিক, আইনগত ও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেয় দলটি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ