অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড, দেশজুড়ে খুন, ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
বুধবার (২০ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সমাবেশে তিনি অভিযোগ করেন, দেশে নারী ও শিশু নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধ বাড়ছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “একটি দলের নেতাকর্মীদের যৌন লালসায় দেশের নারী-শিশুর জীবন হুমকির মুখোমুখি।” তার দাবি, বর্তমান সরকারের আমলে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অডিও ফাঁস হওয়ার পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় বা আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
রামিসা হত্যাকাণ্ডকে মানবতার নিকৃষ্ট উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, পুরো জাতি এ ঘটনায় ব্যথিত হলেও সরকারের সংশ্লিষ্টদের মধ্যে সেই অনুভূতি দেখা যাচ্ছে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মন্ত্রীরা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেন, কিন্তু বাংলাদেশে দায় চাপানোর রাজনীতি চলছে।
তিনি আরও বলেন, অতীত সরকারের ব্যর্থতার কথা বলে বর্তমান পরিস্থিতির দায় এড়ানো যাবে না। জনগণের মতামতের বিরুদ্ধে গেলে সরকারের অস্তিত্বও হুমকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশে এখনো জনগণ বুঝতে পারছে না তারা নতুন সরকারের অধীনে আছে, নাকি আগের শাসন ব্যবস্থার ধারাবাহিকতা চলছে।
তিনি অভিযোগ করেন, এত বড় হত্যাকাণ্ডের পরও সরকারের কোনো প্রতিনিধি নিহত রামিসার পরিবারের পাশে দাঁড়ায়নি। ভুক্তভোগী পরিবারের বিচার না পাওয়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।
নূরুল ইসলাম বুলবুল বলেন, রামিসা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে একটি নিকৃষ্ট অসভ্যতার উদাহরণ। তিনি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুলিস্তান জিরো পয়েন্ট ও পল্টন মোড় প্রদক্ষিণ করে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।
আর/

