অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
পশ্চিমবঙ্গের নতুন সরকারকে ঘিরে শঙ্কা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সেখানে ‘উগ্রপন্থীরা’ ক্ষমতায় আসছে এবং বাংলাদেশ নিয়ে ‘বাজে’ মন্তব্য বাড়ছে।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটর ও রূপায়ন টাওয়ারে এনসিপির কার্যালয়ে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি নতুন সরকারকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করার আহ্বান জানান।
আসিফ মাহমুদ বলেন, অতীতে পশ্চিমবঙ্গের সরকারগুলোর সঙ্গে সম্পর্ক সবসময় ভালো না হলেও তারা বাংলাদেশের বিষয়ে বর্তমান সময়ের মতো নেতিবাচক মন্তব্য করতেন না। তবে বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।
দেশের রাজনীতি নিয়েও কড়া সমালোচনা করেন এনসিপির এই মুখপাত্র। তিনি বলেন, বিএনপি ভুল রাজনীতি করছে এবং এ কারণে তরুণ প্রজন্ম এমনকি দলটির শীর্ষ নেতাদের সন্তানরাও বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের অনেকেই এনসিপির সঙ্গে যোগাযোগ করছে বলে দাবি করেন তিনি।
সরকারের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। বরং জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, হুসাইন মুহম্মদ এরশাদের মতো প্রশাসনিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার প্রবণতা দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতারা। তারা সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান এবং সতর্ক করেন, অপশাসনের চেষ্টা করলে তা ফলপ্রসূ হবে না।
এদিকে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এনসিপিতে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান, হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও এম এ এইচ আরিফ। জুলাই আন্দোলনে অংশ নেওয়া কর্মীরাও এ সময় দলে যোগ দেন।
নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেয় দলটির নেতারা।
আর /

