“পাশে বসে অনেকেই মাদক নেয়, আমি কীভাবে এর বিরোধী বক্তৃতা দিই?”: এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

কুমিল্লায় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য; বক্তব্যের ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে

by ABDUR RAHMAN
কুমিল্লার এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার মাদকবিরোধী বক্তব্য ঘিরে বিতর্ক

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

মোবাশ্বের আলম ভূঁইয়া-এর একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কুমিল্লার একটি অনুষ্ঠানে দেওয়া তার মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়ে যায়।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই শিক্ষক ও স্থানীয় কর্মকর্তাদের সামনে বক্তব্য দেন এই সংসদ সদস্য।

তার বক্তব্যে তিনি বলেন, অনেক রাজনীতিবিদ নিজেরাই মাদক গ্রহণ করে আবার মাদকবিরোধী বক্তৃতা দেন। তিনি প্রশ্ন তুলে বলেন, “আমার পাশেই বসে ৯০ শতাংশ লোক এসব খায়, আমি কীভাবে মাদকের বিরুদ্ধে কথা বলি?”

বক্তৃতার এক পর্যায়ে তিনি শিক্ষকদের দিকেও ইঙ্গিত করে বলেন, সমাজের বিভিন্ন স্তরে মাদকের ব্যবহার রয়েছে এবং সবাই তা জানে। তিনি দাবি করেন, ঢাকাসহ বিভিন্ন জায়গার হোটেলেও এমন কার্যক্রম চলে এবং এর সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন।

তিনি আরও বলেন, সমাজ পরিবর্তনের আগে ব্যক্তিগত ও পারিবারিক সংশোধন জরুরি। নিজের আচরণ না বদলালে শুধু বক্তৃতা দিয়ে কোনো ফল আসবে না—এমন মন্তব্যও করেন তিনি।

এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে ‘খোলামেলা স্বীকারোক্তি’ বলছেন, আবার কেউ কেউ এটিকে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হিসেবে সমালোচনা করছেন।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ওই সংসদ সদস্য সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, “ফেসবুকে কি এসেছে এটা ফেসবুক দেখুক। এটা নিয়ে সাংবাদিকতা করতে আইসেন না। সুড়সুড়ি দেওয়া সাংবাদিকতা কইরেন না।”—এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বর্তমান প্রেক্ষাপটে দেশে মাদকবিরোধী অভিযানের জোরদার কার্যক্রম চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও সচেতনতা কার্যক্রম সত্ত্বেও এই ধরনের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ