অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং খুব শিগগিরই এ কার্যক্রম দৃশ্যমান হবে।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন আয়োজনের বিষয়ে কাজ এগিয়ে নিচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
তিনি আরও জানান, চলতি বছরের শেষ দিকে নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের বিপুল সংখ্যক ইউনিয়ন পরিষদ ও অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান থাকায় নির্বাচন একসাথে নয়, ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। এ কারণে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দীর্ঘদিনের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার নির্বাচন দেবে কি না—এটি একটি সাধারণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে এ বিষয়ে কাজ চলমান রয়েছে এবং নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।
উপজেলা পরিষদ নিয়ে আলোচনার জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে উপজেলা পরিষদ বাতিল করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া সংসদ সদস্যদের জন্য উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তে পরিষদের ক্ষমতা খর্ব হয়েছে—এমন ধারণার সঙ্গে তিনি একমত নন।
অন্যদিকে, সরকারের অন্যান্য কার্যক্রম তুলে ধরে তিনি জানান, দেশের প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৮৯ শতাংশ। খুব শিগগিরই শতভাগ শিশু এই টিকার আওতায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। যদিও হামে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ শিশুর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সরকার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম।
বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আর/

