অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
আসন্ন ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট কমাতে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। গত ঈদে অধিকাংশ সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও চন্দ্রা ও যমুনা সেতু এলাকায় চাপ বেশি ছিল। এবার এসব স্থানে দখল উচ্ছেদ, সড়ক প্রশস্তকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতীয় মহাসড়কগুলোকে পর্যায়ক্রমে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা ঘোষণা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। দেশে প্রতি বছর প্রায় ৪,৫০০ থেকে ৫,০০০ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান, যা কমাতে নজরদারি ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রথমে জাতীয় মহাসড়কে সিসি ক্যামেরা বসানো হবে, এরপর ধাপে ধাপে আঞ্চলিক ও জেলা সড়কেও এই ব্যবস্থা চালু করা হবে। এতে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং সড়ক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
সড়কের অনিয়ম প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেক স্থানে রাস্তার দুই পাশে অবৈধ দখল, সড়কের ওপর বাজার বসানো এবং অতিরিক্ত ওজন বহনকারী যানবাহনের কারণে অবকাঠামোর ক্ষতি হচ্ছে। জেলা প্রশাসকদের এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে তিনি উল্লেখ করেন, ২০১৫ সাল থেকে এ নিয়ে চেষ্টা চলছে, তবে সংযোগ সড়কের কারণে পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। বিষয়টি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এদিকে, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর করতে এবার কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে কোরবানির পশু পরিবহনের কারণে অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
গরুর হাটে চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি দণ্ডনীয় অপরাধ এবং আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে ব্যবস্থা নেবে। একই সঙ্গে রেলপথে দুর্ঘটনা ও ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাও উদ্বেগজনক উল্লেখ করে তিনি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণ একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করে মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের সময় যেখানে ২০ শতাংশ জমি অধিগ্রহণ সম্পন্ন ছিল, তা দুই মাসে ৪৬ শতাংশে উন্নীত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
আর/

