ইরানে কৃষিজমি রক্ষায় অবিস্ফোরিত বোমা সরাতে গিয়ে আইআরজিসির ১৪ সদস্য নিহত

উত্তেজনার মধ্যে নতুন সামরিক ও কৌশলগত বার্তা, যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বে অনিশ্চয়তা বাড়ছে

by ABDUR RAHMAN
অবিস্ফোরিত বোমা

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় ভয়াবহ বিস্ফোরণে ইসলামি রেভ্যলুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে দেশটির বার্তা সংস্থা ফারস জানিয়েছে।

বিজ্ঞাপন
banner

ঘটনাটি ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে ঘটে। নিহতরা আইআরজিসির একটি বিশেষ ইউনিটের সদস্য ছিলেন, যাদের ওই এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের দায়িত্ব দেওয়া হয়েছিল।

জানা গেছে, ওই অঞ্চলে প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি অবিস্ফোরিত অস্ত্রের ঝুঁকিতে ছিল। এসব জমি নিরাপদ করতে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ পর্যন্ত ৯ হাজার ৫০০টিরও বেশি বোমার ক্ষুদ্রাংশ বা বোম্বেট শনাক্ত ও নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের দাবি অনুযায়ী, এসব অবিস্ফোরিত অস্ত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় নিক্ষিপ্ত হয়েছিল। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই পরিষ্কার অভিযান পরিচালিত হচ্ছিল।

এদিকে, ইরানের উপকূলীয় নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে আইআরজিসি। তারা জানিয়েছে, আরব উপসাগর ও হরমুজ প্রণালিতে প্রায় দুই হাজার কিলোমিটার উপকূলীয় জলসীমার ওপর নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করা হবে।

অন্যদিকে, মহান মে দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, সামরিক সক্ষমতার পাশাপাশি অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও শত্রুদের পরাজিত করতে হবে।

বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। নতুন করে সংঘাত শুরুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই প্রেক্ষাপটে সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবে সন্তুষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটনের চাওয়া অনুযায়ী কোনো সমঝোতায় এখনও রাজি হয়নি তেহরান।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে উত্তেজনা কমার সম্ভাবনা নেই। পাশাপাশি কোনো চুক্তি আদৌ সম্ভব কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

সূত্র: ফারস নিউজ

banner

এ জাতীয় আরো সংবাদ