অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জাতীয় সংসদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা তোলার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, এই চুক্তি দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এবং তা সংসদে উত্থাপন করে পর্যালোচনা করা জরুরি।
বুধবার (২৯ এপ্রিল) সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি উল্লেখ করেন, সরকার চাইলে চুক্তিটি ৬০ দিনের মধ্যে বাতিল করার সুযোগ রয়েছে। তাই বিষয়টি দ্রুত বিবেচনায় আনা প্রয়োজন বলে মত দেন তিনি।
চুক্তি স্বাক্ষরের সময় নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তার ভাষ্য অনুযায়ী, জাতীয় নির্বাচনের ঠিক আগে অন্তর্বর্তী সরকারের সময়ে এ ধরনের গুরুত্বপূর্ণ চুক্তি করা নিয়ে তখনই বিভিন্ন মহল থেকে আপত্তি উঠেছিল।
তিনি আরও বলেন, চুক্তির কিছু ধারা বাংলাদেশের জন্য অনুকূল নয় বলে আশঙ্কা রয়েছে। তাই নির্বাচিত সরকারের অধীনে এটি স্বাক্ষর হওয়া উচিত ছিল বলে তিনি মনে করেন।
এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকের কথাও উল্লেখ করেন। সেখানে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা, কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি, বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিষয় উঠে আসে।
রুমিন ফারহানা বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়, তার তুলনায় আমদানি কম হওয়ায় বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি কমানোর লক্ষ্যেই চুক্তিটি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বক্তব্য চালিয়ে যেতে চাইলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তা থামিয়ে দেন। স্পিকার জানান, এটি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না এবং এ ধরনের বিষয় উত্থাপনের জন্য আলাদা নোটিশ দিতে হবে।
পরবর্তীতে আবারও সময় চেয়ে তিনি চুক্তিটি সংসদে তোলার আহ্বান জানান, তবে সেটি গ্রহণ করা হয়নি।
আর/

