অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় বিএনপি নেতাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় এজাহারনামীয় এক আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এমপির ব্যক্তিগত সহকারী মো. আল-আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে ৯ জনকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে খাইরুল ইসলাম এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। অন্যরা অজ্ঞাতনামা আসামি। বর্তমানে তাদের নেত্রকোনা মডেল থানায় রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, প্রকৃত দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার আতকাপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনে এমপির গাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় তিনি পাশের নামাজঘরে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন। পরে প্রশাসন ও পুলিশ তাকে উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়, তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার জেরে এ ঘটনা ঘটে।
আর/

