সরকারি বরাদ্দ ৮০ কেজি, মিলেছে ৫০—ভোলার জেলেদের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ

মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ সময়ে কর্মহীন জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিতরণে কম দেওয়ার অভিযোগ উঠেছে হাজিপুর ইউনিয়নে

by ABDUR RAHMAN
ভোলার দৌলতখানে জেলেদের ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর ইউনিয়নে মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন জেলেদের জন্য সরকারি বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্ধারিত পরিমাণের তুলনায় কম চাল দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

রোববার (১৯ এপ্রিল) ইউনিয়নের জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিজন জেলের জন্য ৮০ কেজি করে চাল বরাদ্দ থাকলেও বাস্তবে ৫০ কেজি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন একাধিক জেলে। এতে জনপ্রতি ৩০ কেজি করে কম পাওয়ার বিষয়টি সামনে আসে।

হাজীপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের জেলে হাবিবুল্লাহ, ইমরান, বাবুল, মনির, বসির, কামালসহ ৮নং ওয়ার্ডের নুরুজ্জামান এবং ৩নং ওয়ার্ডের আব্দুল জব্বার জানান, তাদের প্রত্যেককে ৫০ কেজি চালের একটি করে বস্তা দেওয়া হয়েছে, যা সরকারি নির্দেশনার চেয়ে কম।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুর বেগম। তিনি জানান, তিনি দায়িত্বে না থেকে সাবেক চেয়ারম্যান ফারুক তালুকদার ও সচিব মো. ইব্রাহিমকে চাল বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের ভাষ্য অনুযায়ী, ৭৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।

এদিকে সচিব মো. ইব্রাহিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান জানান, গাজীপুর (হাজিপুর) ইউনিয়নের ৪৪২ জন জেলের জন্য মোট ৩৫.৩৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে প্রতিজনের জন্য ৮০ কেজি করে চাল নির্ধারিত ছিল।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ