অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সমাবেশে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে গণতন্ত্রের পরিবর্তে ‘জিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) পানির ট্যাংক মোড় এলাকায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার আশা থাকলেও বাস্তবে তা হয়নি। বরং ব্যাংক, সংসদ, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করা হয়েছে এবং বিরোধী জোটের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে।
জ্বালানি সংকট ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না, ফলে সাধারণ মানুষের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের পরিবর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোকজনকে বসানো হয়েছে এবং তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ শহীদদের আদর্শ ও গণআন্দোলনের পথে এগোবে। এ পথে কেউ বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও সতর্ক করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর আযাদ ও নূরুল ইসলাম বুলবুল, এবি পার্টির ড. ওহাব মিনার, ডেভেলপমেন্ট পার্টির আনোয়ার হোসেন চাঁন, বাংলাদেশ লেবার পার্টির খন্দকার মিরাজুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মূসা বিন ইজহার এবং খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমীসহ অন্যান্য নেতারা।
আর/

