অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রাজশাহীর পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজারে চাঁদার টাকা না দেওয়ায় মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে। তিনি প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসেছিলেন। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামাল হোসেনের ছেলে মো. মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে তার কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে। জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। ধস্তাধস্তির একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে তিনি দোকানের ভেতরে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া করে অভিযুক্ত মাইনুলকে আটক করে গণধোলাই দিয়ে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাইনুল নেশার টাকার জন্য চাঁদা নিতে গিয়েছিল বলে স্বীকার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আর/

