অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
গণভোটের রায় মেনে দ্রুত সংবিধান সংস্কার সভার অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তিনি সতর্ক করে বলেন, “জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করলে দেশ নতুন করে সাংবিধানিক ও অনাস্থার সংকটে পড়বে।”
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্য এ সেমিনারের আয়োজন করে।
গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে শিশির মনির বলেন, অভ্যুত্থান কখনো সংবিধান মেনে হয় না; এটি সংবিধানের বাইরেই ঘটে। কিন্তু রাজনৈতিক বিষয়গুলোকে আদালতের আওতায় আনা হলে সংকট আরও জটিল হয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, গণভোটের ফল মেনে ১৮০ দিনের জন্য সংবিধান সংস্কার সভার অধিবেশন ডাকতে হবে। পরে সংসদকে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে বিভক্ত করার প্রস্তাব দেন তিনি। অন্যথায় এটি ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে বলে সতর্ক করেন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আপনারা ওপর দিকে চেয়ে থুতু দিচ্ছেন, কিছুদিন পর তা ঘুরে নিজেদের গায়েই পড়বে।” একই সঙ্গে তিনি মন্তব্য করেন, নিয়ন্ত্রণহীন সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিজেদের জন্যই ক্ষতিকর হতে পারে।
আর/

