বগুড়া-৬ এ ভোটের আগেই স্বাক্ষর-সিল, উপনির্বাচনে বড় অনিয়মের অভিযোগ

ভোট চলাকালে ফলাফল শিটে আগেভাগে স্বাক্ষর ও ব্যালটে সিল, ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে ব্যবস্থা

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিটি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ফলাফল শিটে আগাম স্বাক্ষর এবং ব্যালট পেপারে অগ্রিম সিল দেওয়ার ঘটনা সামনে আসে, যা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি হয়।

বিজ্ঞাপন
banner

জামায়াত সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল কেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিযোগ করেন, ভোট শেষ হওয়ার আগেই পোলিং এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হচ্ছিল। অথচ নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত হওয়ার পরই এই স্বাক্ষর নেওয়ার কথা।

অভিযুক্ত প্রিসাইডিং কর্মকর্তা প্রথমে সময় বাঁচানোর জন্য এমনটি করেছেন বলে দাবি করলেও পরে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের উপস্থিতিতে নিজের ভুল স্বীকার করেন। তিনি স্বীকার করেন, এটি নির্বাচনি বিধিমালার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।

ঘটনার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেন। তিনি সংশ্লিষ্ট ফরম জব্দ করে সেগুলো নষ্ট করে দেন এবং দায়িত্বরত কর্মকর্তাকে সতর্ক করেন। একই সঙ্গে বিষয়টিকে গুরুতর আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

এদিকে, নির্বাচন অফিসের এক কর্মকর্তা বিষয়টিকে ‘ভুল’ হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, এই আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং দুপুর পর্যন্ত ভোটের হার ছিল প্রায় ১৮ শতাংশ।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ