বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোট সরকারের গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ার অভিযোগ তুলে দেশজুড়ে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জোটের বৈঠকের পর এই কর্মসূচি ঘোষণা করা হয়।
জোটের শীর্ষ নেতা ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “আমরা যেকোনো মূল্যে গণভোটের রায় কার্যকর করার দাবি আদায় করব এবং ফ্যাসিবাদকে ফের দেশে আসতে দেব না।” তিনি আরও জানান, বিএনপি অন্তর্বর্তী সরকারের সংস্কারের সিদ্ধান্তকে উপেক্ষা করছে।
বিক্ষোভ কর্মসূচি শুরু হবে ৯ এপ্রিল শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে। ১১ এপ্রিল সারা দেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল, এবং ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এনসিপি নেতা সারজিস আলম ও আরিফুল ইসলাম আদীবসহ অন্যান্য জোট নেতারা উপস্থিত ছিলেন।
মাওলানা মামুনুল হক বলেন, “জনসচেতনতা তৈরির জন্য পর্যায়ক্রমে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি চালানো হবে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আমাদের লক্ষ্য।”
আর/

