অনলাইন ডেস্ক : হুদহুদ নিউজ
শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন। তিনি জানান, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সারা দেশে জাতীয় সীরাত প্রতিযোগিতার জন্য নাম নিবন্ধন শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতাটি জেলা পর্যায় থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে—
‘ক’ গ্রুপ: ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী (অনূর্ধ্ব ১৫ বছর)
‘খ’ গ্রুপ: ৯ম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী (অনূর্ধ্ব ১৯ বছর)
‘গ’ গ্রুপ: বিশ্ববিদ্যালয় ও সমমানের শিক্ষার্থী (অনূর্ধ্ব ২৭ বছর)
প্রতিটি গ্রুপের জন্য নির্ধারিত রয়েছে পৃথক সীরাত গ্রন্থ। ‘ক’ গ্রুপের জন্য সীরাতে খাতামুল আম্বিয়া (মুফতি মুহাম্মদ শফী রহ.) ও নবীয়ে রহমত (সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী); ‘খ’ গ্রুপের জন্য সীরাতুল মুস্তাফা (আল্লামা ইদরীস কান্ধলভী) ও আর রাহীকুল মাখতুম (আল্লামা সফিউর রহমান মোবারকপুরী); এবং ‘গ’ গ্রুপের জন্য সীরাতুন্নবী (ইবনে হিশাম) ও সীরাত বিশ্বকোষ নির্ধারণ করা হয়েছে।
জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার—প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৪০ হাজার টাকা। এছাড়াও প্রদান করা হবে ক্রেস্ট ও সনদপত্র। বিভাগীয় ও জেলা পর্যায়েও রয়েছে বিভিন্ন পুরস্কার।
৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়ে আগ্রহী শিক্ষার্থীরা নাম নিবন্ধন করতে পারবে। মে মাসের প্রথম পাক্ষিকে সারাদেশে একযোগে জেলা পর্যায়ের প্রতিযোগিতা এবং দ্বিতীয় পাক্ষিকে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে জুন মাসের দ্বিতীয় পাক্ষিকে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্রসহ ৩০ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট জেলা বা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
গ্রুপভিত্তিক নির্ধারিত সীরাত গ্রন্থ থেকে এক কথায় প্রকাশ, এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আর/

