এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, ‘ডিপ স্টেট’ নামে পরিচিত কিছু প্রভাবশালী গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। তবে গণতন্ত্রের স্বার্থে তারা সেই প্রস্তাবে সায় দেননি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি জানান, সরকারের দায়িত্ব নেওয়ার শুরুর দিকেই বিভিন্ন শক্তিশালী প্রতিষ্ঠান তাদের কাছে এমন প্রস্তাব দেয় এবং সহযোগিতার আশ্বাস দেয়।
আসিফ মাহমুদ বলেন, ওই প্রস্তাবের সঙ্গে কিছু শর্তও যুক্ত ছিল। এর মধ্যে ছিল—বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধা দেওয়া এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনে অংশগ্রহণ সীমিত করার কৌশল।
তিনি অভিযোগ করেন, আদালতের প্রক্রিয়া দীর্ঘায়িত করে বিএনপির নেতাদের নির্বাচন থেকে দূরে রাখার পরিকল্পনাও ওই প্রস্তাবে ছিল।
তিনি আরও বলেন, তারা গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকায় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে স্বেচ্ছায় পদত্যাগ করেন। তবে বর্তমান সরকারের কিছু পদক্ষেপে ‘লেভেল প্লেইং ফিল্ড’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘ডিপ স্টেট’–এর সঙ্গে সমঝোতা করলে সাংবিধানিক ধারাবাহিকতার যুক্তি দেখিয়ে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা সম্ভব হতো। কিন্তু তারা সেই পথে হাঁটেননি বলেই দাবি করেন তিনি।
আর/

