মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের কাছে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর ভারতে পাঠানো আনুষ্ঠানিক চিঠি এখনও দেওয়া হয়নি।
মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের পর প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সরকারে আসার এক মাসে ভারতের হাইকমিশনারের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ও তার সঙ্গে সাক্ষাতের সময় বিষয়টি আলাপ হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা তো কথাই বলেছি। এটাও ইতিমধ্যেই চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে আনুষ্ঠানিক চিঠি পাঠানো এখনও হয়নি।”
তিনি আরও জানান, হাদি হত্যার আসামিদের ফেরত আনা এবং কনস্যুলার অ্যাক্সেস প্রাপ্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ চলছে।
গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে চিঠি দিয়েছে। শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট ভারতে চলে যান এবং বর্তমানে সেখানে অবস্থান করছেন।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেছেন, শিগগিরই কনস্যুলার অ্যাক্সেস পাওয়া যাবে এবং হাদি হত্যার আসামিদের ফিরিয়ে আনা ও তাদের বিচারের ব্যবস্থা করা হবে।
আর/

