সংস্কার চায় ৬৫% মানুষ, বাস্তবায়নে অনিহা: শফিকুর রহমানের সতর্ক বার্তা

সংবিধান সংশোধন জাতির দাবি, দ্রুত বাস্তবায়নের আহ্বান; রাষ্ট্রপতি প্রসঙ্গেও আপত্তি তুলে ধরলেন জামায়াত আমির

by ABDUR RAHMAN

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংবিধান পরিবর্তন ও সংশোধন এখন জাতির দাবি, যা দ্রুত বাস্তবায়ন করা উচিত। তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই সংবিধান পরিবর্তন হয় এবং বাংলাদেশেও জনগণের প্রত্যাশা অনুযায়ী তা হওয়া প্রয়োজন।

রোববার (২২ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, গত নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যা সংস্কারের পক্ষে জনসমর্থনের স্পষ্ট প্রমাণ। তবে দুঃখজনকভাবে সেই আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি।

বিজ্ঞাপন
banner

শফিকুর রহমান বলেন, গণভোটের একটি অংশ বাস্তবায়িত হলেও অপর অংশ এখনো উপেক্ষিত রয়েছে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের অবহেলা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতির প্রতিষ্ঠানের প্রতি তাদের কোনো আপত্তি নেই, তবে ব্যক্তিকে নিয়ে আপত্তি রয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমান রাষ্ট্রপতি অতীতে ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং এ বিষয়ে সরকারকে পুনর্বিবেচনার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক মহলে প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্য ব্যক্তির অভাব নেই। পাশাপাশি তিনি জানান, সরকার ভালো কাজ করলে জামায়াত নৈতিক সমর্থন দেবে, তবে জনস্বার্থবিরোধী কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না এবং নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ নির্বাচন দ্রুত আয়োজন করা প্রয়োজন এবং দলটি এর জন্য অপেক্ষা করছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, নতুন ও ইতিবাচক ধারার রাজনীতি গড়ে তুলতেই তারা গত নির্বাচন বর্জন করেননি। অতীতের মতো সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান না করে তা মেনে নিয়েছেন। টিআইবি ও সুজনসহ বিভিন্ন সংস্থার প্রতিবেদন নির্বাচন মূল্যায়নে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় জামায়াতের মিডিয়া সেলের জয়েন্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা আমির মাওলানা হাবীবুর রহমান, মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ