দেশের কুমিল্লা ও ফেনীতে একদিনের মধ্যে সড়ক ও রেল দুর্ঘটনায় নারী ও শিশুসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে, আর ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৩ জন নিহত হয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রোববার (২২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবার ও আহতদের জন্য সমবেদনা ও আরোগ্যের কামনা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “এই মর্মান্তিক ঘটনাগুলো আবারও প্রমাণ করে, আমাদের পরিবহন ব্যবস্থা, সড়ক ও রেলপথের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনছে। এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।”
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শেষে জামায়াত আমির আল্লাহর কাছে নিহতদের জন্য মাগফিরাত এবং পরিবারের জন্য শোক সহ্য করার তাওফিক কামনা করেন।
আর/

