ইমামদের নিয়ে শায়খে চরমোনাইয়ের ৪ দাবি, মঞ্চেই সম্মতি দিলেন প্রধানমন্ত্রী

by ABDUR RAHMAN

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার (১৪ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি মুহাম্মদ ফয়জুল করীম।

অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে ইমামদের বিভিন্ন বিষয়ে চার দফা দাবি তুলে ধরেন। এ সময় ইমামদের চাকরির জন্য একটি নীতিমালা তৈরির দাবি করলে প্রধানমন্ত্রী তা বাস্তবায়নের আশ্বাস দেন।

বিজ্ঞাপন
banner

শায়খে চরমোনাই বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, যদি সত্যিই ইমামদের সম্মান দিতে চান, তাহলে কয়েকটি বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

তিনি প্রথম দাবিতে বলেন, “ইমাম-খতিবরা যতক্ষণ কুরআন ও সুন্নাহবিরোধী কথা বলবেন না, ততক্ষণ যেন তাদের ওপর সরকারি কোনো বাধা না আসে।”

দ্বিতীয় দাবিতে তিনি প্রস্তাব করেন, সরকারি চাকরির জন্য ভেরিফিকেশনের ক্ষেত্রে আবেদনকারীর চারিত্রিক সনদ মসজিদের ইমামের কাছ থেকে নেওয়ার বিধান যুক্ত করা উচিত।

তৃতীয় দাবিতে তিনি বলেন, “কখনো কখনো খুব তুচ্ছ কারণে—যেমন সভাপতিকে সালাম না দেওয়ার মতো বিষয়েও—ইমাম-মুয়াজ্জিনদের চাকরি চলে যায়, যা অন্যায়। কোন ধরনের ভুলের কারণে তাদের অব্যাহতি দেওয়া হবে, তা নির্দিষ্ট বিধিমালায় উল্লেখ থাকতে হবে।”

এ সময় তিনি ওই বিধিমালায় আকিদা, চরিত্র ও দায়িত্ববোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, “জি, ইনশাআল্লাহ এটা আমরা করবো।”

শেষ দাবিতে শায়খে চরমোনাই বলেন, “ইমাম-মুয়াজ্জিনদের জন্য যে সম্মানী ভাতা চালু হয়েছে, সেটি যেন তাদের নিয়ন্ত্রণের মাধ্যম না হয়। বরং এটি যেন তাদের দায়িত্ব স্বাধীনভাবে পালনে সহায়ক হয়।”

এ সময়ও প্রধানমন্ত্রী তার বক্তব্যে সম্মতি জানিয়ে তাকে আশ্বস্ত করেন। এরপর শায়খে চরমোনাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ