স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান চালানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আজ বুধবার (৪ মার্চ) দুপুরে ডিএমপি হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনা। পাশাপাশি যারা অবৈধ অস্ত্র বহন করে, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরও পৃথক তালিকা তৈরি করে যাচাই-বাছাই শেষে আইনের আওতায় আনা হবে।
তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় শুধু আইনপ্রয়োগকারী সংস্থা নয়, সচেতন নাগরিক সমাজেরও ভূমিকা আছে। বিগত সরকারের সময় একটি ‘ফ্যাসিবাদী’ ব্যবস্থার কারণে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু ব্যক্তির কর্মকাণ্ডের দায় পুরো প্রতিষ্ঠানের ওপর এসে পড়েছিল। তবে বর্তমান সরকার পুলিশকে তাদের ঐতিহাসিক গৌরবোজ্জ্বল ভূমিকায় ফিরিয়ে নিতে চায়।
তিনি বলেন, আমরা চাই পুলিশ সত্যিকার অর্থে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত হোক। কোনো ব্যক্তিতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক নির্দেশনায় নয়, বরং আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে পুলিশ পরিচালিত হবে।
আবুআ/

