মদিনার ঐতিহাসিক মসজিদে নববীতে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে পবিত্র কোরআন ও দশ কেরাত শিক্ষা দানকারী প্রবীণ আলেম শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আধুনিক সুযোগ-সুবিধা চালুর বহু আগ থেকেই তিনি মসজিদে নববীতে নিয়মিত দরস প্রদান করতেন। সে সময় মসজিদের মেঝেতে কার্পেট ছিল না; কাঁকর বিছানো প্রাঙ্গণেই চলত তার পাঠদান। তবুও শিক্ষা কার্যক্রমে তার নিয়মিততা ও নিষ্ঠা ছিল অবিচল।
সহকর্মী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি প্রায় কোনো দরসই বাদ দেননি। কেবল একবার—নিজ বোনের ইন্তেকালের দিন—জানাজা ও দাফন সম্পন্ন করে পুনরায় শিক্ষার্থীদের মাঝে ফিরে এসে পাঠ চালিয়ে যান। ঘটনাটি তার কোরআনের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত হিসেবে মদিনায় ব্যাপকভাবে আলোচিত।
তার হাতে শিক্ষা নিয়ে বহু শিক্ষার্থী পরবর্তীতে কোরআনের শিক্ষক ও দাঈ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে তার ইলমের আলো।
জানাযা শেষে মরহুমকে মদিনার ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকী-তে দাফন করা হয়।
এনএ/

