নিজস্ব প্রতিবেদক | হাটহাজারী, চট্টগ্রাম
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম-এ (হাটহাজারী মাদরাসা) নতুন শিক্ষাবর্ষে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রকাশ করা হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশনা। ভর্তিপ্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কয়েকটি বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছে।
ভর্তি ও টিসি সংক্রান্ত নিয়ম
হাটহাজারীর তত্ত্বাবধানে পরিচালিত (মুলহাক) কোনো মাদরাসা থেকে টিসি (ছাড়পত্র) নিয়ে এলে ভর্তি পরীক্ষায় অংশ না নিয়েই সরাসরি ভর্তি হওয়া যায়। তবে টিসি না থাকলে নির্ধারিত নিয়মে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
যারা ভবিষ্যতে পরীক্ষা ছাড়া ভর্তি হতে চান, তারা আগে মুলহাক মাদ্রাসায় ভর্তি হয়ে পরবর্তী বছর টিসি নিয়ে আসতে পারেন।
বড় মসজিদে উপস্থিতি বাধ্যতামূলক
মাদরাসা মাদরাসা খোলার দিন থেকে ভর্তি কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ বড় মসজিদে আদায় করতে বলা হয়েছে। ভর্তি, সিট বরাদ্দ, খাবার ও অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা নামাজের পরপরই সেখানে দেওয়া হয়।
প্রয়োজনীয় কাগজপত্র
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে আনতে হবে—
- ৪–৬ কপি পাসপোর্ট সাইজ ছবি
- ২–৪ কপি স্ট্যাম্প সাইজ ছবি
- জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধনের ৩–৪ কপি ফটোকপি
- আরবিতে লিখিত দরখাস্ত
- ৮–১০টি সাদা A4 কাগজ
- একটি মজবুত ফাইল
ভর্তি পরীক্ষা ও ফলাফল
শরহে বেকায়াহ থেকে তাখাসসুস পর্যন্ত ৪–৫টি মৌলিক কিতাবের ওপর লিখিত পরীক্ষা নেওয়া হয়।
- পাস নম্বর ন্যূনতম ৩৩।
- ৩৩–৪৫ নম্বর পেলে ভর্তি সম্ভব, তবে বিনামূল্যে খাবারের সুযোগ থাকে না।
- ৪৫-এর বেশি নম্বর পেলে মাদ্রাসার পক্ষ থেকে ফ্রি খানা পাওয়ার সুযোগ থাকে।
সিট ও আবাসন
ভর্তির আগে সিট বরাদ্দ দেওয়া হয় না। নতুন শিক্ষার্থীদের সিট পেতে সময় লাগতে পারে। সিট না পাওয়া পর্যন্ত বড় মসজিদে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা থাকে। মালামাল নিরাপদে রাখার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
খাবার সংক্রান্ত তথ্য
সিট ও খানা কার্ড না হওয়া পর্যন্ত নির্ধারিত হারে খাবার কিনে খেতে হবে।
- ১৫ দিনের জন্য ৬০০ টাকা
- ১ মাসের জন্য ১২০০ টাকা
রশিদ সংগ্রহ ছাড়া খাবার পাওয়া যাবে না।
তাখাসসুসে ভর্তি
তাখাসসুসে ভর্তির ক্ষেত্রে বর্তমানে হাটহাজারী মাদরাসা থেকে দাওরা পাস (ফারেগ) হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ভর্তির আগে সংশ্লিষ্ট বিভাগ থেকে সর্বশেষ নিয়ম জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভর্তি নিশ্চিত নয়
কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষায় অংশ নিলেই ভর্তি নিশ্চিত নয়। ভালো ফল করলেও আসনসংখ্যা সীমিত হওয়ায় অনেকে সুযোগ নাও পেতে পারেন।
ধৈর্য ও প্রস্তুতি জরুরি
ভর্তিকালে দীর্ঘ লাইন, অস্থায়ী কষ্ট ও ভিড়ের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে। সব রশিদ ও কাগজপত্র সংরক্ষণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্তৃপক্ষ দোয়া কামনা করে জানায়, ইলম অন্বেষণের এই সফর যেন সবার জন্য সহজ ও কল্যাণকর হয়।
এনএ/

