দেশের ছয়টি সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, “২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশন-এ সরকারদলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।” সদ্য গঠিত বিএনপি সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, গণহত্যার বিচার সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া। এর প্রথম ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা ছিল, পরবর্তী ধাপে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।”
তিনি আরও বলেন, “এমন পরিস্থিতিতে ছয়টি সিটি করপোরেশনে দলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া নৈতিকভাবে গর্হিত এবং জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এতে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে যে, এ পদক্ষেপ স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল এবং ভবিষ্যতে আরেকটি পাতানো নির্বাচনের প্রস্তুতি হতে পারে।”
বিবৃতিতে তিনি দলীয় ব্যক্তিদের নিয়োগ বাতিল করে অনতিবিলম্বে সিটি করপোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।
আর/

