মাদারীপুর-১ (শিবচর) আসনে জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেছেন, আমি জাতীয় সংসদের অধিবেশনে শহীদ হাদী হত্যার বিচার নিয়ে কথা বলব।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) হাজী শরীয়তউল্লাহ রহ. এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাহাদুরপুর মাঠে জুমা নামাজের আগে জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। জুমা নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, আল্লাহ কবুল করলে শিবচরকে অন্যায়-অবিচারমুক্ত করব। আজ থেকে গরিব ও অসহায় মানুষের ওপর কোনো ধরনের অত্যাচার বরদাশত করা হবে না।
তিনি বলেন, চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কষ্টে আছেন। আগামীতে আর চাঁদাবাজি করতে দেওয়া হবে না।
এর পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার ঘোষণা দেন তিনি।
তিনি আরো বলেন, হযরত উমর রা. এর প্রায় ১৪০০ বছর আগের সেই সোনালী যুগ পুরোটা যদি ফিরিয়ে আনা সম্ভব নাও হয়, অন্তত সেই সোনালী যুগের কিছু অংশ হলেও শিবচরের মানুষ দেখতে পাবে।
উল্লেখ্য, মাদারীপুর-১ (শিবচর) আসনে রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
আবুআ/

