বাংলার মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে: চৌদ্দগ্রামে আল্লামা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ এখন পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। সারাদেশে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামে এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

by Master Fatih
কুমিল্লা: অনলাইন ডেস্ক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। আজ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে সারাদেশে গণজোয়ার তৈরি হয়েছে। একাত্তরে জালিমের বিরুদ্ধে মাজলুমের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে মানুষের মূল আকাঙ্ক্ষা ছিল অধিকার ও ভাগ্যের পরিবর্তন। কিন্তু স্বাধীনতার পর কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো শাসনের নামে শোষণ, গুন্ডামি ও সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবের পর বাংলাদেশের মানুষ আর সেই বস্তাপচা রাজনীতিতে ফিরে যেতে চায় না। এ দেশের মানুষ আর দুটি রাজপরিবারের হাতে নিজেদের ভাগ্য বন্ধক রাখতে রাজি নয়। তিনি বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতা জমিদারির রাজনীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আজ দেশের মানুষ বিশ্বাস করে—১১ দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে ১৮ কোটি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়; বরং শোষিত, বঞ্চিত মানুষের মুক্তি ও ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন।
বক্তব্যে আল্লামা মামুনুল হক জোর দিয়ে বলেন, একাত্তরের পরবর্তী শাসকগোষ্ঠী জনগণের অধিকার খর্ব করে নিজেদের জমিদারির প্রভাব বিস্তার করেছে। আজ দেশে নতুন এক জাগরণ সৃষ্টি হয়েছে। মানুষ এখন তাদের প্রকৃত অধিকার ও সামাজিক মর্যাদা ফিরে পেতে চায়। ১১ দলীয় জোট সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
চৌদ্দগ্রামের পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় হাজার হাজার মানুষ এই গণসমাবেশে অংশগ্রহণ করেন।
banner

এ জাতীয় আরো সংবাদ