মাত্র সাড়ে ছয় মাসে পবিত্র কোরআনের হাফেজা হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আপন দুই বোন—হুমায়রা ইসলাম তানহা (৮ বছর ৯ মাস) ও তানজিন ইসলাম জিদনী (১০ বছর ১১ মাস)।
জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষে ঢাকার মিরপুর পল্লবী-১২ এলাকার তামিরুন নিসা সিদ্দিকিয়া বালিকা মাদরাসায় একই দিনে তারা হিফজ শুরু করে এবং আল্লাহ তাআলার বিশেষ রহমতে একই দিনে তা সম্পন্ন করে। অল্প বয়সে এত কম সময়ে কোরআন হিফজ শেষ করায় বিষয়টি সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মাদরাসার প্রধান শিক্ষিকা মুহতারামা রাবেয়া হাসান গণমাধ্যমকে বলেন, হুমায়রা ও তানজিন অত্যন্ত মেধাবী ও মনোযোগী ছাত্রী। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তারা খুব অল্প সময়ে হিফজ সম্পন্ন করতে পেরেছে। এটি মাদরাসার জন্য যেমন গর্বের, তেমনি সমাজের জন্যও অনুপ্রেরণার বিষয়।
তিনি আরও বলেন, সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অধ্যবসায় ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকলে অল্প বয়সেই বড় সাফল্য অর্জন সম্ভব—এই দুই বোন তার উজ্জ্বল উদাহরণ।
হাফেজা দুই বোনের এই সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হুমায়রা ইসলাম তানহা ও তানজিন ইসলাম জিদনী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের সৌদি আরবপ্রবাসী নজরুল ইসলামের কন্যা।

