বিএনপির চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী তারেক রহমান তার নির্বাচনী এলাকার ইমাম ও আলেম-উলামাদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মিডিয়া সেলের পক্ষ থেকে এই মতবিনিময় সভার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সভায় তারেক রহমান উপস্থিত আলেম ও ইমামদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত আলেম-উলামারা তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং ঢাকা-১৭ আসনে তার বিজয় নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৭ নির্বাচনি কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মুফতি মনির হোসেন কাসেমী। এছাড়া গুলশান এলাকার বিভিন্ন মাদরাসার শিক্ষক এবং মসজিদের খতিব ও ইমামরা এই সভায় অংশ নেন।

