সংযুক্ত আরব আমিরাতে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চার শিশু ও এক গৃহকর্মী প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি আবুধাবি–দুবাই মহাসড়কের কাছে আল শাহামা এলাকায় ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভারতের কেরালা রাজ্যের এক মুসলিম পরিবারের গাড়িটি লিওয়া ফেস্টিভ্যাল থেকে দুবাইয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় গাড়িটিতে পরিবারের সদস্যরা ও গৃহকর্মী উপস্থিত ছিলেন।
দুর্ঘটনায় বাবা-মা ও পরিবারের এক সন্তান প্রাণে বেঁচে যান। আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরিবারের ৪ পুত্র ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত চার ভাইয়ের বয়স ৫ থেকে ১৪ বছরের মধ্যে। এছাড়া পরিবারের ৪৮ বছর বয়সী এক নারী গৃহকর্মীও দুর্ঘটনায় প্রাণ হারান। শিশুরা সবাই দুবাইয়ের বিভিন্ন স্কুলে পড়াশোনা করছিল।
নিহত শিশুদের সংযুক্ত আরব আমিরাতে দাফন করা হয়েছে। অন্যদিকে, গৃহকর্মীর মরদেহ তার নিজ শহর ভারতের কেরালায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ ঘটনায় দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সূত্র: জিও নিউজ।
আবুআ/

