হুদহুদ নিউজ ডেস্ক:
গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে এবং অবিলম্বে গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৪ এপ্রিল ২০২৬, শনিবার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।
এ কর্মসূচিকে সফল করতে ঢাকা মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সমাবেশ ও বিক্ষোভ মিছিলকে গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফল করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা উপেক্ষা করা গণতন্ত্রের মৌলিক চেতনাবিরোধী। তারা অভিযোগ করেন, সরকারি দল গণরায়কে অগ্রাহ্য করে একতরফা অবস্থান গ্রহণ করেছে, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকারকে প্রশ্নবিদ্ধ করছে।
নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের ভোট ও মতামতের প্রতি সম্মান প্রদর্শন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
প্রস্তুতি সভা থেকে ৪ এপ্রিলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, উক্ত কর্মসূচির মাধ্যমে তারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও গণরায়ের যথাযথ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করবেন।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ৪ এপ্রিল বায়তুল মোকাররমে সমাবেশের ডাক ১১ দলীয় ঐক্যের
সরকারি দলের অবস্থানের প্রতিবাদে ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা, রাজধানীতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি ১১ দলীয় ঐক্যের
১১৩
