অনলাইন ডেস্ক>>
পাবনার ঈশ্বরদী উপজেলায় বাড়ির উঠান থেকে দাদির এবং পার্শ্ববর্তী গমক্ষেত থেকে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তরা তাদের হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতরা হলেন—মৃত নাজিম উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম (৬৫) এবং জয়নালের মেয়ে জামেলা (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল নামের এক ব্যক্তি তার মা ও মেয়েকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। কয়েকদিন আগে তিনি ঢাকায় গেলে বাড়িতে ছিলেন শুধু তার মা সুফিয়া বেগম ও মেয়ে জামেলা। শনিবার সকালে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে উঠানে সুফিয়া বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে জামেলাকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের একটি গমক্ষেতের আইলে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা প্রথমে বৃদ্ধাকে হত্যা করে এবং পরে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গমক্ষেতে ফেলে যায়।
স্থানীয়রা জানান, গভীর রাতে কান্নার শব্দ শুনে কয়েকজন রাস্তায় বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে তারা ঘরে ফিরে যান। সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। একাধিক টিম কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। রহস্য উদ্ঘাটনের পর বিস্তারিত জানানো হবে।
ঈশ্বরদীতে দাদিকে হত্যা, গমক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ
দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুরে নৃশংস ঘটনা; ধর্ষণের পর হত্যা সন্দেহ, তদন্তে নেমেছে পুলিশ
১২৫
