ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতার পরিমাণ ঘোষণা করলো সরকার

by AMIRUL ISLAM

দেশের ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, যাজক ও অন্য সেবাকর্মীদের জন্য মাসিক সম্মানী ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে ঈদুল ফিতরের আগেই দেশের ৬ হাজার ৪৩৮টি মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জায় কর্মরতদের জন্য এই ভাতা কার্যক্রম শুরু করা হবে।

আজ রোববার (৮ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও কল্যাণমূলক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু করা হচ্ছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে একটি করে মোট ৪ হাজার ৯০৮টি মসজিদ নির্বাচন করা হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলা থেকে দুটি করে ৯৯০টি মন্দির, ৭২ উপজেলায় দুটি করে ১৪৪টি বৌদ্ধবিহার এবং ১৯৮ উপজেলায় দুটি করে ৩৯৬টি গির্জা পাইলট স্কিমের আওতায় আনা হয়েছে।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ আরো জানান, পাইলট পর্যায়ে মসজিদের ইমামকে মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিনকে ৩ হাজার টাকা এবং খাদেমকে ২ হাজার টাকা করে সম্মানী দেওয়া হবে। অন্যদিকে মন্দিরের পুরোহিতকে ৫ হাজার ও সেবাইতকে ৩ হাজার টাকা, বৌদ্ধবিহারের অধ্যক্ষকে ৫ হাজার ও উপাধ্যক্ষকে ৩ হাজার টাকা এবং গির্জার যাজককে ৫ হাজার ও সহকারী যাজককে ৩ হাজার টাকা সম্মানী দেওয়া হবে।

তিনি আরো জানান, এছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ১ হাজার টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে। অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিন উপলক্ষে পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, যাজক ও সহকারী যাজকদের ২ হাজার টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে।

জনপ্রশাসন উপদেষ্টা জানান, চলতি অর্থবছরে এই সম্মানী প্রদানের জন্য প্রায় ২৭ কোটি ১৩ লাখ টাকা প্রয়োজন হবে। আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচিত উপকারভোগীদের কাছে সোনালী ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাঠানো হবে।

তিনি আরো বলেন, দেশের সব মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জা অন্তর্ভুক্ত করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হলে বছরে প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় হবে। সরকার আগামী চার অর্থবছরে ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করবে।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ